শিশুদের খাঁচায় ভরেও থামছিল না আতঙ্ক..,অবশেষে স্বস্তি ফিরল বানারহাটে, খাঁচাবন্দি ঘাতক চিতাবাঘ!

দীর্ঘ দিনের আতঙ্ক অবশেষে শেষ হলো। বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে সেই ঘাতক চিতাবাঘ, যার আক্রমণে গত ২৭ আগস্ট ১২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। এমনকি, বাবা-মায়েরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে লোহার খাঁচার মধ্যে আটকে রেখে কাজে যেতেন।
জানা গেছে, স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার ভোরে একটি বিকট গর্জন শুনে ঘটনাস্থলে যান এবং দেখতে পান, বন দফতরের পাতা একটি খাঁচার মধ্যে চিতাবাঘটি আটকে পড়েছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছান এবং চিতাবাঘটিকে উদ্ধারের কাজ শুরু করেন।
ঘটনার পর থেকে বন দফতর ওই এলাকায় তিনটি খাঁচা পেতেছিল এবং চিতাবাঘটিকে ধরার জন্য ফাঁদ তৈরি করেছিল। বন দফতরের এই সফল অভিযানে এলাকার মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে তাদের মধ্যে এখনও এই শঙ্কা রয়ে গেছে যে, এলাকায় অন্য কোনো চিতাবাঘ লুকিয়ে আছে কিনা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।