১ কোটি টাকার সোনা পাচার, অবশেষে গ্রেপ্তার দুই পাচারকারী! BSF’এর নজর এড়ালেও পুলিশের জালে

ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। গত সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রামের বেশি ওজনের ২৪ ক্যারেটের সোনা বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই পাচারকারী হলো শিবনাথ মণ্ডল (৬১) এবং লালন মণ্ডল (৪৪)। শিবনাথ মণ্ডলের বাড়ি রানিনগর থানার রাজানগর গ্রামে এবং লালন মণ্ডলের বাড়ি সাগরপাড়া থানার বামনাবাদে। পুলিশ আরও জানায়, ধৃতরা বাংলাদেশ থেকে চোরাপথে সোনা ভারতে এনেছিল বলে জেরায় স্বীকার করেছে।
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “সোমবার দু’জনকে আটক করে তল্লাশি চালিয়ে এক কেজির বেশি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। আজ ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং সোনাগুলো কোথায় পাচারের উদ্দেশ্যে ছিল, তা জানার চেষ্টা করবে পুলিশ। এই গ্রেফতারি মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, এর আগে বেশিরভাগ ক্ষেত্রেই পাচারকারীরা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়ত।