৭ বছর ধরে নিখোঁজ স্বামী, ইনস্টাগ্রাম রিলে অন্য মহিলার সঙ্গে দেখে মাথায় হাত স্ত্রীর! তারপর ….

সাত বছর আগে হঠাৎ নিখোঁজ হওয়া স্বামী জিতেন্দ্র কুমারকে ইনস্টাগ্রাম রিলে খুঁজে পেলেন স্ত্রী শীলু। তিনি দেখতে পান, জিতেন্দ্র পাঞ্জাবের লুধিয়ানায় অন্য এক মহিলার সঙ্গে রিল তৈরি করছেন এবং সংসার করছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের হরদই জেলায়।
২০১৭ সালে হরদইয়ের জিতেন্দ্র কুমার বিয়ে করেন শীলুকে। বিয়ের এক বছরের মাথায় তাঁদের একটি সন্তান হয়। তবে ২০১৮ সালে হঠাৎ করেই জিতেন্দ্র নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর শীলু ও তাঁর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সময় জিতেন্দ্রর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে শীলুর আত্মীয়দের কোনো যোগসাজশ থাকতে পারে। নিখোঁজ হওয়ার পর শীলু তার বাপের বাড়ি ফিরে আসেন।
সম্প্রতি শীলু ইনস্টাগ্রামে কিছু রিল দেখতে পান, যেখানে এক পুরুষকে অবিকল তার স্বামীর মতো দেখতে লাগে। লুধিয়ানায় তৈরি ওই ভিডিওগুলোতে দেখা যায়, জিতেন্দ্র অন্য এক মহিলার সঙ্গে রয়েছেন এবং তারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করছেন। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর শীলু নিশ্চিত হন যে ওই ব্যক্তি আর কেউ নন, তার নিখোঁজ স্বামী।
শীলু বলেন, “ওর পরিবার আমার কাছ থেকে এই সত্যিটা গোপন করেছিল। এখন আমি রিল দেখে জানতে পেরেছি যে সে লুধিয়ানায় থাকে এবং অন্য একজনকে বিয়েও করেছে।” তিনি আরও দাবি করেন যে, জিতেন্দ্রর পরিবার ইচ্ছাকৃতভাবে তাকে মিথ্যা বলেছিল এবং শীলুকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল।
শীলুর নতুন অভিযোগের ভিত্তিতে সান্দিলা থানার সহকারী পুলিশ সুপার নৃপেন্দ্র কুমার জানিয়েছেন, তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছেন। ইনস্টাগ্রামের ভিডিওগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে।