চিনে মোদি-পুতিন বৈঠককে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো!

বিশ্ব রাজনীতিতে আজ যে বন্ধু, কাল সে নয়— এই প্রবাদ যেন এখন অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে। আমেরিকার শুল্ক নীতি এবং এর প্রভাবে বদলে যাওয়া আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রে এবার ভারত, রাশিয়া ও চিন। সাম্প্রতিক এক মন্তব্যে সেই আলোচনা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নাভারো সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া ও চিনের সঙ্গে বৈঠককে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। সূত্রের দাবি, নাভারো বলেছেন, “আমি নিশ্চিত নই তিনি কী ভাবছেন। আমরা আশা করি, তিনি বুঝবেন যে তাঁর রাশিয়ার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকা উচিত।” এর আগে নাভারো ভারতকে ‘শুল্কের মহারাজ’ বলেও কটাক্ষ করেছিলেন। তাঁর দাবি, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে, তবে আরও শুল্ক বসানো হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের কঠোর শুল্ক নীতি আসলে ব্যুমেরাং হয়ে ফিরে এসেছে। তাঁদের মতে, এই নীতির কারণেই ভারত ও রাশিয়া আরও কাছাকাছি এসেছে। এসসিও শীর্ষ সম্মেলনের পর প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে একই গাড়িতে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য যান। জানা গেছে, পুতিন নিজেই মোদীর জন্য প্রায় ১০ মিনিট অপেক্ষা করেছিলেন। এই ঘটনাটিই প্রমাণ করে যে দুই দেশের সম্পর্ক কতটা গভীর।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থায়ন করছে। কিন্তু ওয়াশিংটনের এই পদক্ষেপের পরেও ভারত নিজেদের অবস্থানে অনড়। এই প্রেক্ষাপটে মোদী ও পুতিনের মধ্যেকার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদী পুতিনকে জানিয়েছেন যে, ১৪০ কোটি ভারতীয় অধীর আগ্রহে তাঁর ভারত সফরের জন্য অপেক্ষা করছে। একই সঙ্গে তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসানেরও আশা প্রকাশ করেছেন।