পুতিনকে ‘খেলাচ্ছেন’ ট্রাম্প? ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য মার্কিন ট্রেজারি সেক্রেটারির

ইউক্রেনে চলমান যুদ্ধের আবহে ফের উত্তপ্ত বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কার শীর্ষ সম্মেলনের মাত্র দুই সপ্তাহ পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানান, ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সমস্ত বিকল্প পথ খোলা রাখা হয়েছে।

আলাস্কা সম্মেলনে ট্রাম্প ইউক্রেনে শান্তি চুক্তির অগ্রগতির জন্য রাশিয়াকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সোমবার সেই সময়সীমা শেষ হলেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেছেন, এই সময়সীমা পার হয়ে যাওয়ার অর্থ হলো পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ‘খেলাচ্ছেন’। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, “যদি সোমবারের মধ্যে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রস্তুতি না নেওয়া হয়, তবে এর মানে পুতিন আবার ট্রাম্পকে নিয়ে খেলা করেছেন।”

অন্যদিকে, পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করে নিজের অবস্থানকে সঠিক বলে দাবি করেছেন। চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ২০১৪ সালে কিয়েভের অভ্যুত্থান এবং ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করার পশ্চিমা প্রচেষ্টাই এই সংকটের মূল কারণ। রুশ বার্তা সংস্থা ‘তাস’-এর খবর অনুযায়ী, পুতিন এই সংকটকে রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেন।

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মোদীর চিন সফরের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। এর আগে ট্রাম্পও দাবি করেছিলেন, ভারতের ওপর শুল্ক চাপানোর কারণে রাশিয়ার ওপর চাপ বেড়েছিল, যার ফলে পুতিন আলোচনায় বসতে রাজি হয়েছিলেন।