বাংলার মাটিতেই ‘বাঙালি’ বলে কারখানা থেকে বিতাড়িত! সন্দেশখালির ঘটনায় তোলপাড় রাজ্য

এবার আর ভিন রাজ্যে নয়, খোদ বাংলার মাটিতেই ‘বাঙালি’ হওয়ার কারণে কারখানা থেকে বিতাড়িত হলেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির শিরিষতলা এলাকায়। এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ বাড়ুই, সনজিৎ মণ্ডল-সহ মোট পাঁচজন ভাংগরের একটি জুতো কোম্পানিতে কাজ করতেন। তাঁদের অভিযোগ, গত শুক্রবার হঠাৎ করে কোম্পানির ম্যানেজার তাঁদের বলেন যে, “তোমরা বাঙালি, তোমরা বাংলা ভাষায় কথা বলো, তাই তোমাদের আর এখানে কাজের সুযোগ নেই।” এরপরই তাঁদের কারখানা থেকে বের করে দেওয়া হয় বলে দাবি করেন ওই শ্রমিকরা।

কাজ হারানোর পর শ্রমিকরা কারখানার বাইরে বিক্ষোভ দেখালেও কর্তৃপক্ষ তাতে কোনো কর্ণপাত করেনি। এক চাকরি হারানো শ্রমিক গৌরাঙ্গ বাড়ুই জানান, “আমাদের এই প্রত্যন্ত গ্রামে এমনিতেই কাজের সুযোগ নেই। এখানকার মানুষজন দূরদূরান্তে কাজ করতে যায়। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, তবে আমরা কোথায় যাব?”

এই ঘটনাটি যখন ঘটেছে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘বাঙালি আবেগ’কে সামনে রেখে লাগাতার প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এই পরিস্থিতিতে সন্দেশখালির ঘটনাটি স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।