দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের হোম ডেলিভারি চালু, জেনেনিন কিভাবে পাবেন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, দিঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জুন মাসে রেশন দোকানগুলিতে প্রসাদ বিলি শুরু হওয়ার পর এবার ধাম কর্তৃপক্ষ সরাসরি বাড়ি বাড়ি ‘মহাপ্রসাদ’ ডেলিভারি করার ব্যবস্থা করল। ভক্তরা এখন দিঘায় না গিয়েও নিজেদের বাড়িতে বসেই মন্দিরের পবিত্র প্রসাদ গ্রহণ করতে পারবেন।
কীভাবে এবং কোথায় বুকিং করবেন?
দিঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বুকিংয়ের জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া হয়েছে। বুকিংয়ের সময় সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময়ে ৯০৫৯০৫২৫৫০ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার মহাপ্রসাদ বুক করতে পারবেন।
প্রসাদের মূল্য ও ডেলিভারি চার্জ
মহাপ্রসাদের প্রতিটি প্যাকেজের জন্য আলাদা মূল্য ধার্য করা হয়েছে। এক নজরে দেখে নিন কোন প্রসাদের দাম কত:
খিচুড়ি ভোগ: ১০০ টাকা
মিষ্টি মহাপ্রসাদ: ৫০ টাকা
পেড়া মহাপ্রসাদ: ১০০ টাকা
পুরি ভাজি মহাপ্রসাদ: ৫০ টাকা
দুপুরের মহাপ্রসাদ: ১০০ টাকা
স্পেশাল দুপুরের মহাপ্রসাদ: ১৫০ টাকা
সান্ধ্যকালীন মহাপ্রসাদ: ১০০ টাকা
স্পেশাল সান্ধ্যকালীন মহাপ্রসাদ: ১৫০ টাকা
ডেলিভারির ক্ষেত্রে অতিরিক্ত খরচ লাগবে। প্রতিটি বাক্সের জন্য ১০ টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হবে এবং দূরত্ব অনুসারে ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ দিতে হবে। তবে মন্দির থেকে সরাসরি প্রসাদ নিলে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না।
কখন ডেলিভারি পাবেন?
ডেলিভারির সময়ও নির্দিষ্ট করা হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে বুকিংগুলো হবে, সেগুলি ওই দিনই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ডেলিভারি করা হবে। আর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যে বুকিংগুলো জমা হবে, সেগুলো পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ডেলিভারি করা হবে।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, “প্রভুর মহাপ্রসাদ সকলের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” প্রাথমিক ভাবে সীমিত দূরত্বে এই পরিষেবা দেওয়া হবে, কিন্তু ভবিষ্যতে বুকিংয়ের উপর ভিত্তি করে আরও দূরবর্তী স্থানেও প্রসাদ পাঠানো হবে বলে তিনি জানান।