KKR এর সবচেয়ে দামি প্লেয়ার, T20 থেকে হঠাত্‍ অবসর ঘোষণা করলেন মিশেল স্টার্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক। এখন থেকে তিনি সম্পূর্ণরূপে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে চান এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চান। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে স্টার্কের এই আকস্মিক সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রেকর্ড গড়েও বিদায়
স্টার্কের বয়স এখন ৩৫ বছর। আইপিএল ২০২৪-এর নিলামে তিনি ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সের (KKR) সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছিলেন। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি KKR-এর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় স্টার্কের। তিনি অস্ট্রেলিয়ার হয়ে মোট ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ইনজুরির কারণে ২০১৬ সালের বিশ্বকাপ মিস করলেও, ২০২১ সালে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অনবদ্য। গত বছর ভারতের বিপক্ষে তিনি তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

স্টার্কের পরিসংখ্যান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টার্কের রেকর্ড বেশ উজ্জ্বল। ৬৫টি ম্যাচে তিনি ৭৯টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট ৭.৭৪। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি অ্যাডাম জাম্পার পর দ্বিতীয় স্থানে রয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্টার্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “মিচের গর্বিত হওয়া উচিত। ২০২১ সালের বিশ্বকাপ জয়ে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা ভালো যে তিনি ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন।”

স্টার্কের এই অবসর সিদ্ধান্ত ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে। টেস্ট ক্রিকেটে তার পারফরম্যান্স কেমন হয়, এখন সেটাই দেখার বিষয়।