মাছ চুরির অপবাদে যুবককে লাথি, ঘুসি, থাপ্পড়..! কাঠগড়ায় ‘প্রভাবশালী’, বেলঘরিয়ায় চাঞ্চল্য

মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার নন্দননগরে। মারধরের শিকার ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী ঘটেছিল?
অভিযোগ, রবিবার রাতে ফিরোজ শেখ (২২) নামে স্থানীয় এক যুবক বাড়ি ফিরছিলেন। সেই সময় নন্দননগরের বসাকপাড়া পুকুর এলাকায় রাজকুমার বিশ্বাস নামে এক ব্যক্তি ও তার লোকজন তাকে আটকায়। মাছ চুরির অপবাদে তারা ফিরোজকে মারধর শুরু করে। তাকে মাটিতে ফেলে লাথি, চড়, ঘুষি মারা হয়। এরপর কলার ধরে তার বাড়িতেও টেনে নিয়ে যাওয়া হয় এবং হুমকি দেওয়া হয়।
জানা গেছে, অভিযুক্ত রাজকুমার বিশ্বাস স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। মারধরের ফলে ফিরোজ রক্তাক্ত হন। তাকে দ্রুত সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, বেলঘরিয়া থানায় এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় ফিরোজ এবং তার পরিবারের লোকজন খুব আতঙ্কিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।