‘বিয়ে করার ইচ্ছে আছে কি?’ ভক্তের প্রশ্নে সপাট জবাব কারিশমার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং প্রায়শই ভক্ত অনুরাগীদের সাথে আড্ডা দিতে দেখা যায় তারকাদের। ভক্তদের নানা কৌতুহলী প্রশ্নের সাবলীল উত্তরও দেন তারা। এবার নিজের ইনস্টাগ্রামে তেমন একটি আড্ডা দিতেই দেখা গেল বলিউডের তারকা অভিনেত্রী কারিশমা কাপুরকে।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভক্ত অনুরাগীদের জন্য ‘আস্ক মি এনিথিং’ সেশন রাখেন অভিনেত্রী। আর সেখানেই নিজের জীবন নিয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাকে।

প্রিয় মানুষ কারা, কী খেতে ভালোবাসেন, রণবীর কাপুরকে বেশি ভালো লাগে নাকি রণবীর সিংকে? নিজের ভক্তদের এরকম মজার সব প্রশ্নের জবাব দেন তিনি। আর এসবের মধ্যেই একটা প্রশ্ন ছিল, তিনি কি আবার বিয়ে করতে চান? আর এটার জবাব যেন তৈরিই ছিল।

অভিনেত্রীর কাছে এক অনুরাগীর প্রশ্ন ছিলো, আবার বিয়ে করার ইচ্ছে আছে? একটু বিভ্রান্ত ও বিরক্ত মানুষের জিআইএফ শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ডিপেন্ডস!’ অর্থাৎ তিনি নিশ্চিত নন একেবারেই।

কারিশমার বিচ্ছেদ নিয়ে একসময় কাদা ছোঁড়াছুড়ি কম হয়নি। এখন আর পুরনো কথা নিয়ে মুখ খুলতে চান না তিনি।

২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন কারিশমা কাপুর। এই জুটির দুই সন্তান সামাইরা আর ছেলে কিয়ান। ২০১৪ সালে কারিশমা আর সঞ্জয় ডিভোর্সের জন্য আবেদন জানান। ২০১৬ সালে যা সম্পূর্ণ হয়। ডিভোর্স নেওয়ার সময় তা কদর্য আকার নেয় কারণ একে-অপরের বিরুদ্ধে সে সময় তারা নানা ধরনের অভিযোগ এনেছিলেন।

কারিশমা ডিভোর্সের পর হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বাবা রণধীর কাপুর জানিয়েছিলেন, ‘এই বিয়েতে আমার কখনোই মত ছিল না। আরে বাবা আমরা কাপুর। আমাদের কারও টাকার পিছনে ছোটার দরকার নেই। শুধু যে আমাদের অর্থ আছে এমন নয়, বরং যা গুণ আছে, তা দিয়ে আমাদের জীবনটা কাটিয়ে দিতে সাহায্য করবে। সঞ্জয় একজন থার্ড-ক্লাস মানুষ। কোনওদিন নিজের বউয়ের খেয়াল রাখেনি। বরং, অন্য মহিলার সাথে গিয়ে থাকত। গোটা দিল্লি জানে ও কেমন মানুষ। আমার আলাদা করে কিছু বলার নেই।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *