অবশেষে সুদিন ফিরল পাট চাষিদের! সহায়ক মূল্য বাড়ানোয় খুশি সকলে, জানুন বিস্তারে

দীর্ঘ কয়েক বছর পর মুর্শিদাবাদের পাট চাষিরা এবার লাভের মুখ দেখছেন। ভারত সরকার দ্বারা অনুমোদিত জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (JCI) এবছর পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৩১৫ টাকা বাড়িয়ে ৫,৬৫০ টাকা করেছে। এই মূল্যবৃদ্ধির কারণে পাট চাষিদের মুখে হাসি ফুটেছে।
জেলায় ১৭টি কেন্দ্রে পাট কেনা শুরু
মুর্শিদাবাদ জেলায় প্রায় এক লক্ষ হেক্টর জমিতে এবার পাট চাষ হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় নতুন পাট উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে, জেসিআই অনুমোদিত মুর্শিদাবাদ জেলার মোট ১৭টি ক্রয় কেন্দ্রে, যার মধ্যে ১২টি জেসিআই-এর নিজস্ব এবং ৫টি সহযোগী কেন্দ্র, ন্যূনতম সহায়ক মূল্যে পাট কেনা শুরু হয়েছে। পাটের দাম বাড়ানোয় কেন্দ্র আশা করছে, এবার কৃষকদের কাছ থেকে আশানুরূপ সাড়া মিলবে।
ভালো দাম পাচ্ছেন কৃষকরা
সরকারের নির্ধারিত দাম বাড়লেও, বর্তমানে বাজারে ভালো মানের পাটের দাম প্রতি কুইন্টাল ৮,২০০ টাকা পর্যন্ত উঠেছে, যা সরকারি দামের চেয়েও বেশি। এ বছর জেলায় মোট দেড় লক্ষ কুইন্টাল পাট কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় পাট নিগম। দেশ-বিদেশে পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং দাম ভালো পাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা উভয়েই আনন্দিত।