পুজোর মরশুম শুরুর আগেই ফের ট্রেন বাতিলের খবর, এই রুটে বন্ধ থাকছে লোকাল ট্রেন!

আগামী ৮ দিন, ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া-কাটোয়া শাখার ট্রেনযাত্রীরা একটু অসুবিধায় পড়তে পারেন। কারণ, ওই সময়ে রাতে রেললাইনে কিছু মেরামতির কাজ চলবে। এর ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও কাটোয়ার মাঝে নবান্নীধাম এবং পূর্বস্থলী স্টেশনের কাছে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে। এই কাজ ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রোজ রাত ২টা ১০ মিনিট থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ে কোনও ট্রেন চলবে না।

কোন কোন ট্রেন বাতিল?

এই কাজের জন্য ৩৭৪৩১ ব্যান্ডেল–কাটোয়া লোকাল এবং ৩৭৪৩২ কাটোয়া–ব্যান্ডেল লোকাল ট্রেন দুটি ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই খবরটি জানিয়েছে।

বিশেষ ট্রেনের ব্যবস্থা কি আছে?

রেল জানিয়েছে, যদি এই সময়ে অন্য কোনও ট্রেনের সময় পরিবর্তন করা হয় বা কোনও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়, তবে স্টেশনের মাইকে তা ঘোষণা করা হবে। তাই অযথা চিন্তিত না হতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।

কলকাতায় চক্ররেল পরিষেবাও প্রভাবিত

কলকাতার চক্ররেল পরিষেবাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। গণেশ প্রতিমা বিসর্জনের কারণে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে কিছু চক্ররেলের ট্রেন হয় বাতিল করা হয়েছে অথবা সেগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

এই পরিবর্তনগুলি ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে। ফলে যাত্রীদের নিজেদের যাত্রার আগে ট্রেনের সময় জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।