দুর্নীতি! পানিহাটির বিধায়কের পুত্রবধূর নাম বাতিল তালিকায়, কী বলছেন বিধায়ক?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি প্রকাশিত হওয়া অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় নাম উঠেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি অযোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ১২৬৯ নম্বর সিরিয়ালে রয়েছে শম্পা ঘোষের নাম। তিনি যে বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, তা সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তবে এই বিষয়ে রবিবার সাংবাদিকরা বিধায়ক নির্মল ঘোষের কাছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বারবার বলেন, “সত্যিটা সামনে আসবে। কিছু না দেখে বলতে পারব না।” তার কাছে এখনও কোনো তালিকা এসে পৌঁছয়নি বলেও দাবি করেন তিনি। যেহেতু বিষয়টি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলেও জানান বিধায়ক।
অন্যদিকে, চাকরি হারানো শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, এই নামগুলো তাদের আগেই জানা ছিল। তারা বারবার এসএসসি-র ওয়েবসাইটে এই তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তখন কোনো পদক্ষেপ নেয়নি। এখন যখন পরীক্ষা প্রক্রিয়া চলছে, তখন উপায় না পেয়ে এই তালিকা প্রকাশ করা হলো। চিন্ময় মণ্ডলের প্রশ্ন, “তালিকা তো বেরলো, এরা পরীক্ষায় বসতে পারবে না। কিন্তু বাকিদের চাকরি কি ফেরত আসবে?”
এই ঘটনায় একদিকে যেমন শাসকদলের অস্বস্তি বেড়েছে, তেমনই বিরোধীরা নতুন করে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।