বন্ধ ক্লাবের দরজা খুলতেই ‘দুর্গন্ধ’, পরে আছে নরকঙ্কাল! জলপাইগুড়িতে চাঞ্চল্য

দুর্গাপূজার প্রস্তুতি যখন তুঙ্গে, তখন জলপাইগুড়ির বাবুপাড়া এলাকায় একটি ক্লাবের ঘর থেকে উদ্ধার হলো মানুষের কঙ্কাল। এই রহস্যজনক ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় এক বছর ধরে বন্ধ থাকা ওই ক্লাবের দরজা খুলতেই এই হাড়হিম করা দৃশ্য দেখতে পান ক্লাবের সদস্যরা।
বাবুপাড়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা আজ সকালে দুর্গাপূজার আয়োজন শুরু করার জন্য ক্লাবঘরের তালা খোলেন। কিন্তু ভেতরে ঢুকতেই তাদের চোখ আটকে যায় একটি চৌকির নিচে। সেখানে পড়ে ছিল মানুষের কঙ্কাল! সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ক্লাবের এক সদস্য জানান, “আমরা দুর্গাপূজার জন্য ক্লাব খুলতেই দেখি চৌকির নিচে কঙ্কাল। দেখে আমরা সবাই চমকে যাই এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত কয়েক মাস ধরে ক্লাবঘরের দিক থেকে পচা গন্ধ আসছিল। তবে দীর্ঘদিন ক্লাবটি বন্ধ থাকায় কেউ তাতে খুব একটা গুরুত্ব দেননি। অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনো ইঁদুর বা বিড়ালের মৃতদেহ পচে গন্ধ ছড়াচ্ছে। কিন্তু আজ কঙ্কালটি দেখতে পাওয়ার পর সবার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
কার বা কিসের কঙ্কাল এটি? কীভাবে ক্লাবের ভেতরে এলো? এই প্রশ্নগুলোই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তারা পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এই রহস্যের সমাধান হবে।