বাংলার পাশেই ৩ জইশ জঙ্গির অনুপ্রবেশ, কি পরিকল্পনা তাদের? জারি করা হল হাই অ্যালার্ট!

ভোটের আগে বিহারে বড় ধরনের নাশকতার আশঙ্কায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের তিন সদস্য বিহারে ঢুকে পড়েছে।

জানা গেছে, আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই তিন জঙ্গি নেপালের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গত সপ্তাহে বিহারের ভাগলপুরে এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই তিন জঙ্গির হদিস পাওয়া যায়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই তিন জঙ্গির নাম হলো হাসনাইন আলি, আদিল হুসেন এবং মহম্মদ উসমান। এদের মধ্যে হাসনাইন পাকিস্তানের রাওয়ালপিণ্ডি, আদিল উমারকোট এবং উসমান বাহওয়ালপুরের বাসিন্দা। গোয়েন্দারা মনে করছেন, এই জঙ্গিরা বিহারে বড় ধরনের নাশকতামূলক কার্যকলাপ ঘটাতে পারে।

ইতিমধ্যেই সন্দেহভাজন এই তিন জঙ্গির ছবি বিহারের সব পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। বিশেষভাবে সতর্ক করা হয়েছে মধুবনী, সীতামারহিস, সুপল, আরারিয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণের মতো সীমান্তবর্তী জেলাগুলোকে।

উল্লেখ্য, বিহারের সঙ্গে নেপালের ৭২৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা সম্পূর্ণ অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত দিয়ে প্রায়ই অনুপ্রবেশের অভিযোগ ওঠে। প্রশাসন এখন এই অনুপ্রবেশ রুখতে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে।