পুজোর আগেই উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেন বাতিল, চরম আশঙ্কায় যাত্রীরা

পূজার আগে যাঁরা উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাদের জন্য দুঃসংবাদ। মালদহ টাউন স্টেশনে মেরামতের কাজের জন্য পূর্ব রেল ১১৩টি ট্রেন বাতিল করেছে। এই সিদ্ধান্ত আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হবে। এছাড়াও অনেক ট্রেনের সময় বদলে দেওয়া হয়েছে, যা যাত্রীদের সমস্যায় ফেলতে পারে।

পূর্ব রেল জানিয়েছে, এই ৬ দিনে মোট ১১৩টি ট্রেন (৪০টি এক্সপ্রেস ও ৮টি প্যাসেঞ্জার) বাতিল করা হয়েছে। এর মধ্যে আছে শতাব্দি এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং রাধিকাপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ কিছু ট্রেন। কিছু মালদহগামী ট্রেন রামপুরহাট পর্যন্ত চালানো হবে এবং কামাখ্যা ও রাধিকাপুরের মতো ট্রেনের সময়ও পরিবর্তিত হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের মরসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে এখনই পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তবে পুজোর ঠিক আগে এমন সিদ্ধান্তে অনেক যাত্রীই সমস্যায় পড়বেন।

এদিকে, বুধবার বজবজ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সন্তোষপুর স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। এর ফলে বজবজ-শিয়ালদহ লাইনে লোকাল ট্রেন পরিষেবা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। যাত্রীরা এই হঠাৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েন। রেলের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন মেরামত করার পর পরিষেবা স্বাভাবিক হয়। এই ঘটনার ফলে দুটি আপ এবং একটি ডাউন ট্রেন বাতিল করতে হয়েছে।

পূজার আগে রেলের এমন পরপর বিভ্রাটে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।