মর্মান্তিক: সেকেন্দ্রাবাদে হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত ৮

সেকেন্দ্রাবাদের হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড। সোমবার গভীর রাতে আগুন লাগে হোটেলটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা। শুরু হয় উদ্ধারকার্য। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ভবনটিতে ইলেকট্রিক স্কুটার রিচার্জিং ইউনিট থেকে এই অগ্নিকান্ড হয়। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই ভবনটির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে কয়েকটি স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় সেখানে ২৪ জনের মতো আটকে ছিলেন। দমকল কর্মীরা মই এবং অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেছে।