‘আমার হুমকির পরই ভারত-পাকিস্তান শান্তি চুক্তিতে রাজি হয়…’, ট্রাম্পের দাবি নিয়ে ফের শোরগোল নেটপাড়ায়

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব এবারও নিজের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বাণিজ্য এবং শুল্কের হুমকি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি শান্তিচুক্তি করতে বাধ্য করেছিলেন। যদিও ভারত ট্রাম্পের এই দাবি বারবার অস্বীকার করেছে।
গত বছর পহেলগাঁও জঙ্গি হামলা এবং এরপর অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল, তা থামানোর জন্য এর আগেও ট্রাম্প বহুবার নিজের প্রশংসা করেছেন। যদিও ভারত বরাবরই বলেছে যে, পাক সেনার অনুরোধে সংঘর্ষ বিরতি হয়েছে, এতে ট্রাম্পের কোনো ভূমিকা নেই।
হোয়াইট হাউসে বসে ট্রাম্প বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছিলাম। আমি বলেছিলাম, তোমাদের ও পাকিস্তানের মধ্যে কী হচ্ছে? তাদের মধ্যে তীব্র ঘৃণা ছিল। আমি বলেছিলাম, তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না… তোমরা যদি পরমাণু যুদ্ধে উপনীত হও… আমি বললাম, আগামীকাল আমাকে ফোন করো, কিন্তু তোমাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করব না কিংবা এমন বেশি শুল্ক বসাব যে তোমাদের মাথা ঘুরবে।”
ট্রাম্পের দাবি, এই হুমকি দেওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভারত-পাকিস্তান শান্তি চুক্তিতে রাজি হয়। যদিও এই দাবি নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, এটি ৪০ বারেরও বেশি হলো যখন ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করছেন। তিনি জানান, বিশ্বজুড়ে তিনি মোট সাতটি যুদ্ধ থামিয়েছেন, আর প্রতিবারই তিনি বাণিজ্য ও শুল্কের হুমকি ব্যবহার করেছেন।