হাড়হিম ঘটনা! বেওয়ারিশ কুকুরের মুখে নবজাতকের কাটা মুণ্ডু, দেখে আতঙ্কে মানুষজন

পাঞ্জাবের পাটিয়ালার একটি সরকারি হাসপাতালে এক ভয়াবহ দৃশ্য দেখা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজিন্দ্রা হাসপাতালের কাছে একটি বেওয়ারিশ কুকুরের মুখে একটি নবজাতকের কাটা মাথা দেখতে পান স্থানীয়রা। এই ঘটনাটি সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ বিশাল চোপড়া বলেন, হাসপাতাল থেকে কোনো নবজাতক নিখোঁজ নেই এবং সমস্ত শিশুর হিসাব ঠিকঠাক আছে। তিনি আরও জানান, সম্প্রতি মারা যাওয়া শিশুদের দেহ সঠিক নথিপত্র দিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ডাঃ চোপড়ার ধারণা, এটি এমন একটি ঘটনা হতে পারে, যেখানে বাইরে থেকে কেউ মৃত শিশুটিকে হাসপাতালের আশেপাশে ফেলে গেছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভগবন্ত মান এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে জানান, “রাজিন্দ্রা হাসপাতালে একটি মৃত শিশুকে নিয়ে ভয়াবহ ঘটনার খবর পেয়েছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি হাসপাতালে ভর্তি ছিল না। ধারণা করা হচ্ছে, এটি কোনো অপরাধীর কাজ।” তিনি ডেপুটি কমিশনার এবং এসএসপিকে দ্রুত এবং পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন এবং অপরাধীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার কথা বলেছেন। তিনি জনগণকে গুজব না ছড়ানোর অনুরোধও জানিয়েছেন।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে পথকুকুরদের নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। গত ১১ আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে, দিল্লির রাস্তায় কোনো পথকুকুর থাকতে পারবে না। এই রায়ের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ শুরু হয়। পরে ২২ আগস্ট সুপ্রিম কোর্ট পুরোনো রায় পরিবর্তন করে জানায়, পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকা দেওয়ার পর আবার যেখানকার কুকুর, সেখানেই ফিরিয়ে দেওয়া হবে। তবে যে কুকুরগুলো হিংস্র বা জলাতঙ্ক ছড়াতে পারে, সেগুলোকে ছাড়া যাবে না। পাশাপাশি, এখন থেকে নির্দিষ্ট জায়গায়ই পথকুকুরদের খাবার দিতে হবে, খোলা রাস্তায় নয়।