কাঞ্চন-শ্রীময়ী কন্যা কৃষভিকে মারধর পরিচারিকার, ধরা পড়ল সিসি ক্যামেরায়

অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোপাধ্যায়ের একরত্তি মেয়ে কৃষভির বয়স এখনো এক বছর হয়নি। এরই মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা নিয়ে বেশ চিন্তিত এই তারকা দম্পতি। মেয়ের দেখাশোনার জন্য রাখা পরিচারিকা তাদের অনুপস্থিতিতে ছোট্ট কৃষভিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ার পর তারা রীতিমতো আঁতকে ওঠেন।

শ্রীময়ী জানান, বিপত্তারিণী পুজোর সময় তার মা কয়েক দিনের জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় কাঞ্চন ও তিনি দুজনেই কাজের জন্য বাইরে ছিলেন। তারা ছোট্ট কৃষভিকে পরিচারিকার কাছে রেখে যান। বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল, আর সেখানেই ধরা পড়ে পরিচারিকার ভয়াবহ রূপ। সিসিটিভির ফুটেজে দেখা যায়, কৃষভি কান্নাকাটি করলে পরিচারিকা তাকে উপুড় করে মারধর করছে।

এই দৃশ্য দেখে কাঞ্চন পরিচারিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। শ্রীময়ী আরও জানান, শুধু মারধরই নয়, বাড়ি থেকে কিছু দামি জিনিসও চুরি গিয়েছিল। এরপর তারা সঙ্গে সঙ্গে পরিচারিকাকে কাজ থেকে বের করে দেন।

গত বছরের নভেম্বরে জন্ম হওয়া কৃষভির মুখ এতদিন আড়ালে রেখেছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। এই বছর অক্ষয় তৃতীয়ার দিন ইসকনে মুখে ভাতের অনুষ্ঠানের মাধ্যমে তারা মেয়ের ছবি প্রকাশ করেন। এই ঘটনার পর শ্রীময়ী মেয়েকে নিয়ে আরও বেশি সচেতন হয়ে উঠেছেন। এখন তিনি বেশিরভাগ সময় মেয়ের সঙ্গেই থাকেন। সিরিয়ালে ফিরলেও চরিত্র পছন্দ না হওয়ায় তা ছেড়ে দিয়েছেন। বর্তমানে ছোটখাটো কিছু শুটের কাজ করছেন। বর্তমানে কাঞ্চন, শ্রীময়ী ও তাদের ছোট্ট মেয়ে কৃষভি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন।