পুজোর আগেই সুখবর, মন খুলে করুন আনন্দ! কমছে GST, সস্তা হচ্ছে জামাকাপড় ও খাবার

উৎসবের মরসুমের আগে সাধারণ মানুষের জন্য বড় সুখবর আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, জিএসটি সংস্কারের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। এখন টেক্সটাইল এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ৫% জিএসটি স্ল্যাবের আওতায় আসতে পারে। এর ফলে সাধারণ মানুষের উপর করের বোঝা অনেকটাই কমবে।

নতুন জিএসটি কাঠামোর লক্ষ্য
‘নেক্সট জেনারেশন জিএসটি’ সংস্কারের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে করের চাপ কমানো। এই নতুন কাঠামোয় ৫% ও ১৮%—এই দুটি প্রধান স্ল্যাব থাকবে। এর ফলে ১২% ও ২৮% জিএসটি স্ল্যাব বাতিল হয়ে যাবে।

নতুন প্রস্তাব অনুযায়ী, পোশাক ও খাদ্যপণ্যসহ সিমেন্টের মতো কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ওপর কর কমানো হচ্ছে। এছাড়া, সেলুন ও বিউটি পার্লারের মতো পরিষেবাগুলোকেও ১৮% থেকে ৫% স্ল্যাবে আনার কথা ভাবা হচ্ছে। এই পরিবর্তনগুলো হলে উৎসবের সময়ে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।

রাজস্বে কী প্রভাব পড়বে?
জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে নতুন জিএসটি কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন কাঠামোর কারণে কেন্দ্র ও রাজ্য সরকারের রাজস্বে প্রায় ৪০,০০০ কোটি টাকার ক্ষতি হতে পারে।

সরকারি সূত্র থেকে জানা গেছে, দুর্গাপুজো এবং দীপাবলির আগেই এই নতুন জিএসটি হার কার্যকর করা হতে পারে। ২১শে অক্টোবর দীপাবলির আগে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি সাধারণ মানুষের জন্য একটি বড় উপহার হবে।