হিমাচলে ফের মেঘভাঙা বৃষ্টি ও ধস, বিপর্যস্ত জনজীবন! ভেঙে পড়ল জনপ্রিয় রেস্তোঁরা

২০২৩ সালের মতো আবারও ভয়াবহ বন্যার কবলে পড়েছে হিমাচল প্রদেশ। এবার মেঘভাঙা বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিমলা, মান্ডি এবং কুলু জেলা। প্রবল বৃষ্টিতে বহু ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতাল ভেঙে গিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কুলু ও মান্ডি জেলার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বিয়াসের রুদ্রমূর্তি ও মানালির ক্ষয়ক্ষতি
গত বৃহস্পতিবার থেকে কুলু জেলায় বিয়াস নদী বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। নদীর জল এতটাই বেড়েছে যে তা কুলু-মানালি জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, প্রবল স্রোতে রাস্তা ভেসে যাচ্ছে।
মানালিতেও পরিস্থিতি অত্যন্ত করুণ। সেখানকার ঐতিহাসিক ‘শের-ই-পাঞ্জাব’ রেস্তোরাঁর বেশিরভাগ অংশ প্রবল বন্যার তোড়ে ভেসে গেছে। শুধু রেস্তোরাঁর সামনের গেটের দেয়ালটি এখনো দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে স্থানীয় মানুষরা হতবাক।
স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে একটানা বৃষ্টি এবং ধসের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।