“ওর উপদ্রবে আমি বাড়িতে থাকতে পারি না..”-ছেলে জীবন কৃষ্ণের বিরুদ্ধে মুখ খুললেন বাবা

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গ্রেফতার হওয়ার পর তার বাবা বিশ্বনাথ সাহা তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘আমার যা পুত্র, ওর জেলে থাকা দরকার।’ বিশ্বনাথ সাহা শুধু ছেলে জীবনকৃষ্ণ নয়, তার বোন এবং সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলার মায়া সাহার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেছেন।
বিশ্বনাথ সাহা অভিযোগ করেন, তার ছেলে জীবনকৃষ্ণের বিপুল সম্পত্তি নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, ‘ইডি তল্লাশি হওয়াই দরকার ছিল। এর আগে জীবনকৃষ্ণের কিছুই ছিল না। বিধায়ক হওয়ার পরেই ও সব করেছে।’
স্থানীয়দের দাবি, ছেলের অত্যাচারে বিশ্বনাথ সাহা নিজের বাড়ি ছেড়ে চলে গেছেন। তিনি বলেন, ‘ওর উপদ্রবে আমি থাকতে পারি না। নিজের বাড়িতে ঢুকতে পারি না।’ তিনি আরও অভিযোগ করেন, জীবনকৃষ্ণ তার মাকে দিয়ে তার নামে মিথ্যে অভিযোগ দায়ের করিয়েছেন। তিনি বলেন, ‘জীবনকৃষ্ণ জামিন পেয়ে আসার পর থেকে আমায় বাড়িতে ঢুকতে দেয় না।’
বোনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ
বিশ্বনাথ সাহা তার বোন এবং কাউন্সিলার মায়া সাহার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘মায়ার কাউন্সিলর হওয়ার আগে শুধু একটা মিষ্টির দোকান ছিল। বাকি সব সম্পত্তি দুর্নীতি করে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইডির রেড করার দরকার আছে। প্রচুর সম্পত্তি করেছে মায়া সাহা। ইডি জানে না, ওর একটা লজ আছে। আবার ‘এম বাজার’ করেছে। মায়া সাহার বাড়ির পিছনে আমার জায়গা বেনামে কিনে রেখেছে।’
অন্যদিকে, মায়া সাহা দাবি করেছেন যে তাদের সমস্ত সম্পত্তি পৈতৃক। তিনি তার ভাই বিশ্বনাথ সাহার অভিযোগ ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি বলেন, ‘জীবন আমার ভাইপো, রক্তের সম্পর্ক। তবে ও কী করেছে না করেছে, সেটা তো আমি বলতে পারব না।’
জীবনকৃষ্ণ সাহাকে এসএসসি-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।