এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার মহিলা চিকিৎসক! মালদায় চাঞ্চল্য, প্রতিবাদে সামিল BJP

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসককে নিগ্রহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে পথে নেমেছে বিজেপি। তারা থানায় এফআইআর দায়ের করার দাবি জানিয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।
অভিযোগ, হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ময়ূরাক্ষী ঘোষের উপর নিগ্রহ করা হয়েছে। যদিও কী ধরনের নিগ্রহ হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি, তবে এই অভিযোগ ঘিরে হাসপাতালের ভেতরে এবং বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে মালদা জেলা বিজেপির একটি প্রতিনিধি দল মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে অভিযোগ জানান। পরে তারা থানাতেও যান। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনি পদক্ষেপ নিতে হবে। যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।
হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগের তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।