১৯’এই সব শেষ…! NEET-এ দুর্দান্ত রেজাল্ট করেও খুশি হয়নি ছাত্রী, মা-বাবা জোর করতেই ভয়ঙ্কর পরিণতি

ডাক্তার হওয়ার চাপ সহ্য করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল এক মেধাবী ছাত্রী। মঙ্গলবার বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার কথা ছিল তার, কিন্তু তার আগেই সোমবার রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ১৯ বছর বয়সী দীপশিখা মাইতি। এই ঘটনায় নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিকিৎসা না গবেষণা?

দীপশিখা মাইতি নিট পরীক্ষায় ভালো ফল করে ডাক্তারি এবং গবেষণা উভয়ক্ষেত্রেই সুযোগ পেয়েছিলেন। তার পরিবার চাইছিল সে ডাক্তারি নিয়ে পড়ুক, কিন্তু দীপশিখার ইচ্ছা ছিল গবেষণা করার। এই নিয়ে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে মতের অমিল চলছিল। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু

সোমবার রাতে দীপশিখা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে দ্রুত রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় পরিবার ও প্রতিবেশীরা হতবাক। এত ভালো ফল করার পরও এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না কেউ।

এই ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে পড়ুয়াদের উপর পরিবারের অতিরিক্ত প্রত্যাশার চাপ।