রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল! গজরাজদের তাণ্ডবে মৃত ১, আতঙ্কে ঝাড়গ্রামের মানুষ

রাতের অন্ধকারে হাতির পাল আবারও তাণ্ডব চালিয়েছে ঝাড়গ্রামের কলাই কুন্ডা বিটের গুপ্তমনী এলাকায়। হাতির হানায় নষ্ট হয়েছে চাষের জমি। প্রতিনিয়ত হাতির আক্রমণে স্থানীয় চাষিরা দিশাহারা।

একদিকে গড় শালবনীতে সারা বছরই হাতি থাকছে, আবার অন্যদিকে লোধাশুলি ও শ্যামাচুলি এলাকায় বারবার হাতির দল তাণ্ডব চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বন দফতরের উদাসীনতার কারণেই এই সমস্যার সমাধান হচ্ছে না।

ঝাড়খণ্ডে হাতির হানায় মৃত্যু

এদিকে, গতকালই ঝাড়গ্রামে হাতির হামলায় এক অস্থায়ী বনকর্মীর মৃত্যু হয়েছিল। এবার পাশের রাজ্য ঝাড়খণ্ডের বালিজুড়িতে হাতির আক্রমণে সরক পাল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে বালিজুরিতে হাতির সামনে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে একটি হাতি ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। সেই হাতির আক্রমণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর হাতিটিকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এলাকায় এখনো আতঙ্ক রয়েছে।