পরিচালকের আসনে এবার যিশু! ‘দুগ্গা মা এসেছে’ গানে থাকছেন দর্শনা বণিক, উচ্ছ্বসিত নেটদুনিয়া

দুর্গাপুজো শুরু হতে আর মাত্র এক মাস বাকি। তার আগেই উৎসবের মেজাজ আনতে এবার নতুন ভূমিকায় যিশু সেনগুপ্ত। অভিনেতা থেকে এবার তিনি হয়েছেন পরিচালক। তার এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ থেকে আসছে তাদের প্রথম প্রজেক্ট, একটি পুজোর গান। এই গানের নাম ‘দুগ্গা মা এসেছে’।
গানের নেপথ্যে যারা
গানটির সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গানটি গেয়েছেন অন্তরা মিত্র। গানটির কথা লিখেছেন প্রসূন। এই পুজোর গানে প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিককে। গানের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। দর্শনার প্রথম লুকও প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে একটি লাল শাড়িতে পূজার সাজে দেখা যাচ্ছে।
পরিচালক যিশু ও প্রযোজক সৌরভের ভাবনা
পরিচালনার দায়িত্ব নিয়ে যিশু সেনগুপ্ত জানান, “পুজো আমাদের কাছে এক ধরনের রি-ইউনিয়ন। এই সময়টায় গোটা পাড়াটাই একটা পরিবারের মতো হয়ে ওঠে। বন্ধুত্ব, প্রেম, খুনসুটি—সবকিছু মিলেমিশে যায়। এই গানের ভিডিওর মাধ্যমে আমরা তেমনই একটি গল্প বলতে চেয়েছি।”
অন্যদিকে, প্রযোজক সৌরভ দাস বলেন, “আমাদের প্রযোজনা সংস্থা থেকে ভালো সিনেমা, ভালো গান, ভালো ওয়েব সিরিজ তৈরি করার লক্ষ্য আছে। আমরা দর্শকদের সব ধরনের ভালো প্রজেক্ট উপহার দিতে চাই। এই পুজোর গানটি আমাদের প্রথম পদক্ষেপ। আশা করছি, সবার ভালো লাগবে।”
২৯শে আগস্ট এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাবে।