“মুখের মধ্যে ঢোকানো হয় গরম ছুরি”-পণ না পেয়ে স্ত্রীকে নির্যাতন, অভিযুক্ত স্বামী পলাতক

মধ্যপ্রদেশের খারগোন জেলায় এক ভয়ংকর ঘটনা ঘটেছে। পণের দাবিতে স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে গরম ছুরি দিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গরম ছুরি দিয়ে মুখেও আঘাত করার অভিযোগ করেছেন নির্যাতিতা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অঞ্জর এলাকায়।
২৩ বছর বয়সী খুশি পিপলিয়া জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পণের জন্য তার স্বামী তাকে নানাভাবে অত্যাচার করতেন। রোববার রাতে তার স্বামী মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে তাকে মারধর করেন। এরপর তাকে টেনে রান্নাঘরে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেন।
তিনি চিৎকার শুরু করলে তার স্বামী একটি ছুরি গরম করে তার হাত, পা এবং ঘাড়ে ছ্যাঁকা দেন। অভিযোগ, গরম ছুরিটি তার মুখেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নির্যাতিতা তরুণী আরও জানান, এই সময় বাড়ির অন্য সদস্যরা উপস্থিত থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি।
অত্যাচার সহ্য করে পালানোর চেষ্টা
সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ কোনোমতে বাঁধন খুলে পালিয়ে যান ওই তরুণী। বাড়ির এক পরিচারিকার ফোন থেকে তিনি তার বাড়িতে খবর দেন। তার ভাই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতাল থেকে খবর পেয়ে মেনগাঁও থানার পুলিশ সেখানে পৌঁছায়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করেছে এবং অভিযুক্তকে ধরার জন্য তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক।