‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককেও জানিয়েছিলাম’, গুণধর ছেলে জীবন সম্পর্কে বিস্ফোরক বাবা

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন তার বাবা বিশ্বনাথ সাহা। তিনি দাবি করেছেন, জীবন জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই তিনি নিজের বাড়িতে ঢুকতে পারছিলেন না। তার অভিযোগ, ছেলে তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা পুলিশি মামলা দায়ের করেছে।
বিশ্বনাথ সাহা বলেন, “ও যদি কোনও সাজা না পায়, যা উপদ্রব আমি তো থাকতেই পারব না।” তিনি দাবি করেন, জীবন জামিন পাওয়ার পর থেকে তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না। এমনকি তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করেছে। বিশ্বনাথ সাহার অভিযোগ, জীবন তার মায়ের উপর অত্যাচার করেছে বলে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এই কেস করার পর থেকেই তিনি আর বাড়িতে ঢুকতে পারেন না। এই বিষয়ে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, যেমন সুব্রত বক্সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন।
ছেলের দুর্নীতি প্রসঙ্গে বিশ্বনাথ সাহা বলেন, “চাকরি করিয়ে দেওয়ার ক্ষমতা নিশ্চয়ই ছিল, না হলে লোক ওকে টাকা দেবে কেন!” তিনি আরও বলেন, তিনি দেখেছেন যে অনেক লোক জীবনের কাছে আসত এবং যেত। তিনি ছেলেকে বারণ করতে পারেননি কারণ জীবন তাকে মারধর করত।
ইডি-র তদন্তে উঠে এসেছে যে জীবনকৃষ্ণ তার পিসি মায়া সাহার নামে প্রচুর সম্পত্তি কিনেছেন। এই বিষয়ে বিশ্বনাথ সাহা বলেন, “বোন একটা মিষ্টির দোকান চালাত। মিষ্টির দোকান চালিয়ে কি ওতো সম্পত্তি করা যায় কখনও?” তিনি দাবি করেন, কেবল পিসিই নয়, জীবনের শ্যালকও এই দুর্নীতির সঙ্গে জড়িত।
এই প্রথম নয়, এর আগেও জীবনকৃষ্ণ যখন প্রথমবার গ্রেফতার হয়েছিলেন, তখনো তার বাবা বিশ্বনাথ তার বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছিলেন। বাবা-ছেলের সম্পর্ক ছোট থেকেই ভালো নয় বলে প্রতিবেশীরাও জানিয়েছেন।