AFC-তে ইতিহাস ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচেই চমক দেখালো লাল হলুদ শিবির

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার ক্লাব ফনম পেনহ ক্রাউন এফসি-কে হারিয়ে শুভ সূচনা করেছে ইস্টবেঙ্গল মহিলা দল। সোমবারের এই ম্যাচে লাল-হলুদের মেয়েরা ১-০ গোলে জয় ছিনিয়ে এনেছে। দলের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেছেন ফাজিলা ইকুয়াপুট।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো গোল আসেনি। একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ৭০ মিনিটের মাথায় দলের স্ট্রাইকার ফাজিলা ইকুয়াপুট গোল করে দলকে এগিয়ে দেন। সতীর্থ রেস্টি নানজারির একটি দারুণ পাস থেকে গোলকিপারকে পরাস্ত করে ফাজিলা বল জালে জড়িয়ে দেন।

ম্যাচের শেষদিকেও ইস্টবেঙ্গল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, তবে দুর্বল শটের কারণে তা কাজে লাগেনি। পুরো ম্যাচে ফনম পেনহ ক্রাউন এফসিকে নিজেদের দুর্গ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে তাদের গোলকিপার চিয়া ফারিয়া ফাজিলাকে ফাউল করে লাল কার্ড দেখেন।

ঐতিহাসিক মুহূর্ত
এটি এএফসি কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ নয়, তবে ক্লাবের মহিলা দলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। গত মৌসুমে ইন্ডিয়ান উইমেনস লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে লাল-হলুদ ব্রিগেড। পুরুষ দলের সাম্প্রতিক ব্যর্থতার মধ্যে মহিলা দলের এই জয় নিঃসন্দেহে ক্লাব সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে।

কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল
এলেংবাম পান্থোইরা এবং তার দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইস্টবেঙ্গলের মেয়েরা গ্রুপ ‘ই’-তে ফনম পেনহ ক্রাউন এফসি এবং কিচি এসসি-র মতো শক্তিশালী দলের সঙ্গে রয়েছে। তবে প্রথম ম্যাচেই ফনম পেনহ ক্রাউন এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেওয়ায় নকআউট পর্বে যাওয়ার পথ অনেকটাই সহজ হয়েছে।