প্রেতকথা থেকে বড়পর্দায়—গৌরব তপাদারের প্রযোজনায় ভুতের নতুন সিনেমা ‘আমিষ!’ মুক্তির তারিখ জেনেনিন?

শুধু ভূতের গল্প নয়, মানুষের মনের ভেতরের অপরাধবোধ আর লুকানো ভয়ের গল্প নিয়ে আসছে নতুন সিনেমা ‘আমিষ’। পরিচালক অরুনাভ খাশনবিশের তৈরি এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি ২৯ আগস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘প্রেতকথা’য় মুক্তি পাবে।

গল্পের প্রেক্ষাপট
সিনেমাটির প্রধান চরিত্র প্রীতি, একজন সিভিল ইঞ্জিনিয়ার। সে কাজের জন্য কলকাতা থেকে চন্দনপুরে দাদু-দিদার পুরনো বাড়িতে আসে। সেখানে পা দিয়েই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয় সে। দাদু-দিদাকে সে দেখতে পায় মাছ-মাংস সাজাতে, কিন্তু খাবার টেবিলে থাকে শুধু ভাত-ডাল। প্রীতি বুঝতে পারে, সে যেন এক অদৃশ্য চক্রে আটকে পড়েছে। এই ভৌতিক ঘটনা শুধু ভয় নয়, বরং তার ভেতরের অতীতের ভুলগুলোকেও যেন জাগিয়ে তোলে।

কী বলছেন পরিচালক?
পরিচালক অরুনাভ খাশনবিশ জানান, ‘আমিষ’ শুধু একটি ভৌতিক গল্প নয়। এটি মানুষের মনের ভেতরের অপরাধবোধ, শ্রেণীভেদ এবং অতৃপ্ত আকাঙ্ক্ষার গল্প। তিনি বলেন, “আমরা দিনের বেলায় নিজেদের ভালো মানুষ হিসেবে দেখাই, কিন্তু রাতের অন্ধকারে আমাদের ভেতরের পাপগুলো বেরিয়ে আসে। আমি চাই দর্শক শুধু ভয় পেয়ে থেমে না গিয়ে নিজের ভেতরের লুকানো ভুলের কথাও ভাবুক।”

প্রযোজকের নতুন স্বপ্ন
‘প্রেতকথা’ শো-এর মাধ্যমে জনপ্রিয় প্রযোজক গৌরব তপাদার জানান, পাঁচ বছর ধরে তিনি অনেক ভূতের গল্প পড়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই সিনেমা তৈরির সাহস পেয়েছেন। ‘আমিষ’ তার কাছে একটি নতুন স্বপ্নের মতো।

নতুন মুখের অভিনয়
সিনেমাতে প্রীতি চরিত্রে অভিনয় করেছেন মনিকা পাল, যিনি মূলত একজন নৃত্যশিল্পী। এটি তার প্রথম অভিনয়। মনিকা বলেন, তিনি খুব ভীতু, অথচ এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের ভয় দেখাবে। শুটিংয়ের সময় ভয়ে তিনি আয়নায় নিজের মেকআপ করা মুখও দেখতেন না এবং সারাক্ষণ হনুমান চালিশা শুনতেন।

অন্যরকম সংগীত
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন নীলাঞ্জন ঘোষ। তিনি বলেন, ‘আমিষ’-এ কাজ করে তিনি বুঝেছেন যে নীরবতারও একটি ভাষা আছে। এই সিনেমার ভয় বাড়াতে প্রতিটি ছোট ছোট সুর এবং নীরবতাকে খুব দক্ষতার সাথে ব্যবহার করা হয়েছে, যা এটিকে সাধারণ ভৌতিক ছবির চেয়ে অনেক বেশি গভীর করে তুলেছে।