ভয়াবহ দুর্ঘটনা ডুয়ার্সে! শ্রমিক বোঝাই গাড়ি উল্টে ৩ জনের মৃত্যু, আহত বহু

ডুয়ার্সের নাগরাকাটায় সোমবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ২২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শ্রমিক বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে, খেরকাটা গ্রাম থেকে ২৫ থেকে ২৭ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে গাঠিয়া চা বাগানে কাজে যাচ্ছিলেন। সেই সময়ই গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মনীষা নাজিয়া (১৮), সুন্দর মাঝি (২৫), এবং মন খালকো (২৬)।

গুরুতর আহত ২২ জনকে প্রথমে নাগরাকাটা শুল্কাপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার এবং আইসি কৌশিক কর্মকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠেছে, কীভাবে একটি পণ্যবাহী গাড়িতে এত সংখ্যক শ্রমিককে নিয়ে যাওয়া হচ্ছিল। এই দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।