অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করল স্বামী, প্রমাণ লোপাটে দেহাংশ ফেলল নদীতে! তারপর….

হায়দ্রাবাদের বালাজি হিলস এলাকায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এক যুবক তার ৫ মাসের গর্ভবতী স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলেছে। শুধু তা-ই নয়, প্রমাণ লোপাটের জন্য দেহের কাটা মাথা, হাত ও পা স্থানীয় মুসি নদীতে ফেলে দেয় সে। অভিযুক্তের নাম মহেন্দ্র, যে পেশায় একজন গাড়িচালক। নিহত স্ত্রীর নাম স্বাতী (২১)।
পুলিশ জানিয়েছে, গত শনিবার মহেন্দ্র তার স্ত্রী স্বাতীকে খুন করে। এরপর সে দেহটি টুকরো টুকরো করে কেটে ফেলে এবং শরীরের কিছু অংশ মুসি নদীতে ফেলে দেয়। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মহেন্দ্র তার বোনকে ফোন করে জানায় যে, স্বাতী নিখোঁজ। বোনের সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন। জিজ্ঞাসাবাদের মুখে মহেন্দ্র স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয়।
পুলিশ ঘরের ভেতর থেকে স্বাতীর দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, তারা নদীর মধ্যে খোঁজাখুঁজি করে কাটা মাথা, হাত ও পা খুঁজে পায়নি।
ডিসিপি (মালকাজগিরি জোন) পি ভি পদ্মজা জানিয়েছেন, তারা ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছেন এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহটি শনাক্ত করা হবে। পুলিশ দ্রুত তদন্ত ও বিচার শুরু করবে বলে জানিয়েছে।
নিহত স্বাতীর বাবা জানান, মহেন্দ্র তাদের মেয়ের ওপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন চালাত, যদিও তাদের মেয়ে সব সময় ভালো থাকার ভান করত। মেয়ের বাবা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মহেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে।