প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করল ৫ যুবক-যুবতী, ভাইরাল সিসিটিভি ফুটেজ

আবার সেই কামারহাটি! এবার রাস্তায় বসে মদ্যপানের প্রতিবাদ করায় এক শিক্ষককে বেধড়ক মারধর করল একদল যুবক-যুবতী। ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে। আহত শিক্ষকের পরিবার বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। মারধরের এই ঘটনাটির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আহত শিক্ষকের নাম নিরুপম পাল, তিনি একজন অঙ্কন শিক্ষক।দিনের বেলায় তিনি ৩১ নম্বর ওয়ার্ডের ননন্দনগর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন।সেই সময় তিনি রাস্তার পাশে ৮-৯ জনকে মদ্যপান করতে দেখেন, যার মধ্যে একজন যুবতীও ছিলেন।নিরুপমবাবু এর প্রতিবাদ করলে ওই দলটি তার ওপর চড়াও হয়। ৫-৬ জন মিলে তাকে মারধর করে।
নিরুপম পাল জানান, মারধরের কারণে তার মুখ, চোখ ও মাথায় আঘাত লেগেছে এবং নাক থেকে রক্তপাত হচ্ছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেও কামারহাটিতে চাঁদা না দেওয়ায় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছিল। এবার প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় একজন শিক্ষক আক্রান্ত হলেন। এই ধরনের ঘটনা বারবার ঘটায় এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।