পাঁচ বছর পর টিকটক ফিরছে ভারতে?‌ শুরু জল্পনা, যা জানাল মোদী সরকার

পাঁচ বছর পর কি ভারতে ফিরছে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটক? এই জল্পনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করেছেন যে, তারা টিকটক এবং আরও কিছু চীনা অ্যাপের ওয়েবসাইট খুলতে পারছেন। তবে এই সব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছে ভারত সরকার।

২০২০ সালে ভারত-চীন সীমান্তে উত্তেজনার পর নিরাপত্তার কারণে টিকটক, AliExpress এবং Shein-এর মতো বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। সম্প্রতি, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতে থাকে যে, এই অ্যাপগুলো আবার ভারতে ফিরে আসছে। কিছু ব্যবহারকারী দাবি করেন, তারা অ্যাপগুলোর ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারছেন, যদিও ভিডিও বা কেনাকাটার মতো মূল ফিচারগুলো ব্যবহার করা যাচ্ছে না।

এই গুজবের পর কেন্দ্র সরকার কড়া বিবৃতি দিয়ে জানিয়েছে যে, টিকটক, AliExpress বা Shein-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ধরনের সব খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, ভারতে এই অ্যাপগুলো আনব্লক করার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

২০২০ সালের ২৯শে জুন, গালওয়ানে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত সরকার মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে। এর প্রধান কারণ হিসেবে বলা হয়, এই অ্যাপগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। সেই সময় টিকটক অ্যাপের বিরুদ্ধেও তথ্য চুরির অভিযোগ উঠেছিল।

যদিও সম্প্রতি কিছু নিষিদ্ধ চীনা অ্যাপ আবার চালু হয়েছে, তবে দেশের সবচেয়ে জনপ্রিয় টিকটক অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই।