“জালিয়াতির দায়ে ‘দোষী’ হয়েও ছাড় পেলেন ট্রাম্প”-৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে পেলেন রেহাই

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় স্বস্তির খবর। জালিয়াতির অভিযোগে তাকে প্রায় ৫০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে বলা হয়েছিল, কিন্তু নিউইয়র্কের একটি আদালত সেই বিশাল অঙ্কের জরিমানা বাতিল করে দিয়েছে। ট্রাম্প এই রায়কে “সম্পূর্ণ বিজয়” বলে উল্লেখ করেছেন।
গত বছর নিউইয়র্কের একটি আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে। অভিযোগ ছিল, তিনি তার সম্পত্তির মূল্য ইচ্ছাকৃতভাবে অনেক বাড়িয়ে দেখিয়েছেন, যাতে ব্যাংক থেকে সহজে ঋণ নিতে পারেন। এই অপরাধের জন্য বিচারক আর্থার এনগোরন প্রথমে তাকে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করেন, যা পরে সুদসহ বেড়ে ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
আদালতের নতুন রায়
বৃহস্পতিবার, নিউইয়র্ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানায়, ট্রাম্প যদিও জালিয়াতি করেছেন, কিন্তু এত বড় অঙ্কের জরিমানা অতিরিক্ত। বিচারপতি পিটার মলটন লিখেছেন, “ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু তা এত ভয়াবহ ছিল না যে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হবে।” এই রায়ে বলা হয়েছে, এত বড় জরিমানা হয়তো কঠোর শাস্তির বিরুদ্ধে থাকা সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে।
ট্রাম্পের প্রতিক্রিয়া
রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “পুরো নিউইয়র্ক অঙ্গরাজ্যে ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করা এই বেআইনি এবং লজ্জাজনক সিদ্ধান্তটি বাতিলের সাহস দেখানোকে আমি খুবই সম্মান করি।” তিনি আরও বলেন, “ব্যবসায়িক দিক থেকে এটি এমন এক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছিল যা আগে কেউ কখনো দেখেনি।”
অ্যাটর্নি জেনারেলের অবস্থান
অন্যদিকে, মামলা দায়েরকারী নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস এই রায়কে পুরোপুরি মেনে নেয়নি। কারণ, রায়ে ট্রাম্পের জালিয়াতির দায় এবং আর্থিক ছাড়া অন্য শাস্তিগুলো বহাল রাখা হয়েছে। তারা এখন এই জরিমানা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের সর্বোচ্চ আদালতে আবেদন করার কথা ভাবছে।
অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, “ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিষ্ঠান এবং তার দুই সন্তান জালিয়াতির জন্য দায়ী” থাকার বিষয়টি আদালত নিশ্চিত করেছে।
অন্য শাস্তিগুলো বহাল
আর্থিক জরিমানা বাতিল হলেও ট্রাম্পের বিরুদ্ধে আনা কিছু অ-আর্থিক শাস্তি বহাল রয়েছে। যেমন, ট্রাম্প এবং তার দুই ছেলে তিন বছরের জন্য নিউইয়র্কে কোনো প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করতে পারবেন না বা ব্যাংক থেকে ঋণও নিতে পারবেন না।