চারিদিক গিজগিজ করছে মানুষে, মোদীর সভায় লক্ষ লক্ষ..! বিশেষ ‘উপহার’ পেল বিহার

শুক্রবার, বিশাল জনসমাগমের মাঝে বিহার সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গিজগিজে ভিড়ে পা ফেলারও জায়গা ছিল না। সেই ভিড়ের মধ্যে আকাশছোঁয়া প্রধানমন্ত্রীর পোস্টার চোখে পড়েছে। সকালে গয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন।

জনগণের জন্য বিশেষ ‘উপহার’
ভোটের আগে বিহারকে নতুন প্রকল্পের ‘উপহার’ দিলেন প্রধানমন্ত্রী। তিনি ১,৮০০ কোটি টাকা ব্যয়ে আন্টা-সীমারিয়া সেতুর উদ্বোধন করেন। এই সেতুটি বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করবে। পুরোনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় ভারী যান চলাচল বন্ধ ছিল, যার ফলে যানজটও বাড়ত। এখন নতুন সেতু হওয়ায় বিহারবাসীর যাতায়াতের সমস্যা দূর হবে।

১২ হাজার কোটির প্রকল্প
এছাড়াও, গয়ার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী আরও ১২ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন। এই টাকা মূলত স্বাস্থ্য, শহর ও বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে। একইসঙ্গে, তিনি একটি ক্যান্সার হাসপাতালেরও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গয়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, যা বিশাল জনসমাগমের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে।