সরকারি তহবিল অপব্যবহার! গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট, তুমুল শোরগোল রাজনীতি জুড়ে

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। শুক্রবার এই খবর নিশ্চিত হওয়ার পর থেকে শ্রীলঙ্কার রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে রনিল বিক্রমাসিংহে তাঁর স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লন্ডনে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে যে, প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এই ব্যক্তিগত সফরের জন্য সরকারের টাকা এবং নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেছেন। যদিও বিক্রমাসিংহে এর আগে দাবি করেছিলেন যে, তাঁর স্ত্রীর সফরের সব খরচ তিনি নিজে বহন করেছেন। কিন্তু সিআইডির তদন্তে উঠে এসেছে যে, পুরো সফরের খরচ এবং দেহরক্ষীদের ব্যয়ও সরকারি কোষাগার থেকে দেওয়া হয়েছিল।
তদন্ত শেষে বিক্রমাসিংহেকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
এই গ্রেফতারের পর শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্রমাসিংহের সমর্থকরা বলছেন যে, এটি বর্তমান সরকারের একটি রাজনৈতিক কৌশল। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্যই এটি করা হয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন দল বলছে, দুর্নীতি দূর করা এবং সবার জবাবদিহি নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনার ফলে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হতে পারে। উল্লেখ্য, রনিল বিক্রমাসিংহে ২০২২ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। অর্থনৈতিক সংকটের সময় তিনি দেশ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।