অসমে নতুন আধার কার্ড দেওয়া বন্ধ! অনুপ্রবেশ ঠেকাতে কঠোর সিদ্ধান্ত হিমন্ত বিশ্বশর্মার

বেআইনি অনুপ্রবেশ রুখতে এক বড় পদক্ষেপ নিল অসম সরকার। এখন থেকে রাজ্যে প্রাপ্তবয়স্কদের নতুন আধার কার্ড দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অসম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, অনুপ্রবেশকারীরা যাতে সহজে আধার কার্ড তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে না পারে।

কেন এই সিদ্ধান্ত?
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন যে, অসমে মোট জনসংখ্যার তুলনায় ১০৩ শতাংশ আধার কার্ড বিতরণ করা হয়েছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে কিছু বেআইনি ব্যক্তিও আধার কার্ড পেয়েছে। তিনি আরও জানান, প্রায়ই সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে। গত বছরেও বহু বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনা মাথায় রেখে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

কারা পাবেন আধার কার্ড?
অসম সরকার জানিয়েছে যে, এই নতুন নিয়ম সবার জন্য নয়। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং চা বাগানের শ্রমিকদের জন্য আরও এক বছর সময় দেওয়া হয়েছে আধার কার্ড করানোর জন্য।

অন্যান্য প্রাপ্তবয়স্করা যারা এখনো আধার কার্ড করাননি, তাদের সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিশেষ ক্ষেত্রে, যদি কেউ নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে তাকে জেলা কমিশনারের কাছে আবেদন জমা দিতে হবে। জেলা কমিশনারের কার্যালয় থেকে স্পেশাল ব্রাঞ্চ এবং ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট খতিয়ে দেখার পরেই আধার কার্ড দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপের ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড পাওয়া অনেক কঠিন হবে, যা রাজ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।