গণেশ চতুর্থী ২০২৫: বাড়িতে পুজো করার আগে জেনেনিন সঠিক নিয়ম, মনের ইচ্ছা হবে পূরণ

গণেশ চতুর্থী উৎসব একেবারে দরজায় কড়া নাড়ছে! এই সময়টায় সবাই বাড়িঘর পরিষ্কার, সাজানো আর গণপতির মূর্তি কেনাকাটায় ব্যস্ত থাকেন। এই বিশেষ উৎসবে বাড়িতে গণপতির মূর্তি স্থাপন করা হয় এবং পুজো করা হয়। কিন্তু জানেন কি, ইচ্ছে মতো জায়গায় মূর্তি রাখলে বা ঘর সাজালে চলে না? বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম আছে যা মেনে চললে তবেই পুজোয় সম্পূর্ণ ফল পাওয়া যায়।
মূল দরজা সাজানোর নিয়ম
বাড়ির মূল দরজা দিয়েই ঘরে শুভ শক্তি এবং লক্ষ্মী প্রবেশ করেন। তাই এই দরজা সুন্দর করে সাজালে সৌভাগ্য আসে। গণেশ চতুর্থীতে মূল দরজায় যা যা করতে পারেন:
স্বস্তিক চিহ্ন: দরজার উপরে স্বস্তিক চিহ্ন আঁকুন। এটা খুব শুভ বলে ধরা হয়।
আম পাতার তোরণ: দরজার সামনে আম পাতার তোরণ ঝুলিয়ে দিন।
রঙোলি: মূল দরজার সামনে সুন্দর করে রঙোলি তৈরি করুন।
গণেশ মূর্তি স্থাপনের সঠিক জায়গা
গণপতি মূর্তি যেখানে সেখানে রাখা উচিত নয়। বাস্তু মেনে মূর্তি স্থাপন করলে বাড়িতে শান্তি ও সুখ বজায় থাকে।
আসন: মূর্তি কখনও মাটিতে রাখবেন না। কাঠের তৈরি আসনের উপর হলুদ বা লাল কাপড় বিছিয়ে তার ওপর মূর্তি স্থাপন করুন।
দিক: গণেশ মূর্তি উত্তর বা উত্তর-পূর্ব কোণে (ঈশান কোণ) স্থাপন করা সবচেয়ে ভালো।
সাজসজ্জা: আসনের চারপাশে কলা পাতা, ফুল এবং তোরণ দিয়ে মণ্ডপ সাজান। খেয়াল রাখবেন, গণপতির পিছনের দিক যেন আপনার চোখে না পড়ে।
মূর্তি ও সাজসজ্জার সঠিক রঙ
মূর্তির রঙ এবং ঘরের সাজসজ্জায় রঙের ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ।
শুভ রঙ: ঘরে ইতিবাচক পরিবেশ ধরে রাখতে হলুদ, লাল, সবুজ-এর মতো হালকা ও উজ্জ্বল রঙ ব্যবহার করুন।
বর্জনীয় রঙ: কালো বা গাঢ় নীলের মতো গাঢ় রঙ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই রঙগুলি শুভ কাজের জন্য ভালো নয়।
মূর্তির রঙ: যদি রঙিন মূর্তি কেনেন, তাহলে সাদা বা সিঁদুর রঙের গণপতি মূর্তি নেওয়া ভালো। আজকাল পরিবেশবান্ধব মাটির মূর্তি কেনার চল বেড়েছে।
শুঁড়ের দিক: মূর্তি কেনার সময় খেয়াল রাখবেন, গণপতির শুঁড় যেন বাম দিকে বাঁকানো থাকে। বামমুখী গণপতির পুজো করলে জীবনের সব সমস্যা দূর হয় বলে বিশ্বাস করা হয়।