জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ফলপ্রকাশের পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। আইনি জটিলতার কারণে ফলপ্রকাশে দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করলেও, ভবিষ্যতে আরও সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনো কারণে ভালো ফল করতে পারনি, তারা মন খারাপ কোরো না। মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয়, তার প্রস্তুতি নাও।”
তিনি আরও বলেন, “আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরি হলো। বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরও সফল হবে, বাংলার মুখ তোমরা উজ্জ্বল করবে।”
গত ৭ আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণে জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ আটকে গিয়েছিল। তবে আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এর ফলে ফলপ্রকাশের সব বাধা দূর হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই মেধাতালিকা প্রকাশ করা হয়।
এক নজরে মেধাতালিকা
প্রথম: অনিরুদ্ধ চক্রবর্তী (পার্ক সার্কাস ডন বস্কো)
দ্বিতীয়: সাম্যজ্যোতি বিশ্বাস (কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল)
তৃতীয়: দিশান্ত বসু (রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল)
চতুর্থ: অরিত্র রায় (রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল)
পঞ্চম: তৃষাণজিৎ দোলই (দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল)
ষষ্ঠ: সাগ্নিক পাত্র (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)
সপ্তম: সম্বিত মুখোপাধ্যায় (বর্ধমান মডেল স্কুল)
অষ্টম: অর্চিষ্মান নন্দী (খড়গপুরের ডিএভি মডেল স্কুল)
নবম: প্রতীক ধানুকা (রাজারহাট দিল্লি পাবলিক স্কুল)
দশম: অর্ক বন্দ্যোপাধ্যায় (বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল)