“দু’ জনে কী দেখছিল এত মন দিয়ে?” দেব-শুভশ্রীর ছবি পোস্ট করে প্রশ্ন কৌশিকের

দীর্ঘ এক যুগ পর আবার পর্দায় ফিরল জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’, যা প্রথম সপ্তাহেই ব্লকবাস্টার হিট হয়েছে।

ছবি মুক্তির পর দুই তারকাকে একসঙ্গে নজরুল মঞ্চে দেখা গিয়েছিল। এরপর তাঁরা নৈহাটির বড় মায়ের মন্দিরে গিয়ে পূজা দেন। সেই দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় মজার ছলে লিখেছেন, “দু’জনে কী দেখছিল এত মন দিয়ে? বুক মাই শো-তে আগুন, নাকি ফ্যান ভিডিও, নাকি অনুরাগীদের কমেন্ট? ওরাই জানে!” ছবিতে দেখা গেছে, দুজনকেই লাল পোশাকে। শুভশ্রীর লাল শাড়ির সঙ্গে মিলিয়ে দেব পরেছিলেন লাল পাঞ্জাবি।

‘ধূমকেতু’ ছবিটি প্রযোজনা করেছেন রাণা সরকার এবং দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা। প্রযোজকদের দাবি, ছবিটি প্রথম সপ্তাহেই ১৫ কোটি টাকার ব্যবসা করেছে। এখন সবার নজর, ছবিটি ২০ কোটি টাকার অঙ্ক ছুঁতে পারে কিনা।

এই ছবির দ্বিতীয় সপ্তাহের জন্য ২৩ অগাস্ট প্রিয়া সিনেমাতে একটি বিশেষ স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, সেই অনুষ্ঠানে দেব-শুভশ্রী ছাড়াও টলিউডের আরও অনেক তারকা উপস্থিত থাকবেন।

ছবিটি শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অন্যান্য শহরেও মুক্তি পেয়েছে। আশা করা যাচ্ছে, এই ছবিটি দেব-শুভশ্রী জুটির জনপ্রিয়তা আবারও প্রমাণ করে দেবে।