প্রবল বৃষ্টির বলি পুরুলিয়ার বৃদ্ধ, মুহূর্তে সব শেষ…! গোয়াল ঘরের দেওয়ালে চাপা পড়ে মৃত্যু

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পুরুলিয়া জেলার জনজীবন। জেলার বিভিন্ন এলাকায় জল জমেছে, যার ফলে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায়, মাটির বাড়িগুলিও বিপজ্জনক হয়ে উঠেছে। প্রবল বর্ষণের কারণে দেওয়াল ধসে গিয়ে পুরুলিয়ার মানবাজারে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। গোয়াল ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
ঘটনাটি ঘটেছে মানবাজার এক নম্বর ব্লকের ভালুভাষা অঞ্চলের মাকড়কেন্দি গ্রামে। মৃতের নাম মঞ্জুড়া মাহাতো।

বৃহস্পতিবার রাত থেকেই জেলায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির কারণে মঞ্জুড়া মাহাতোর গোয়াল ঘরের মাটির দেওয়ালে ফাটল দেখা দেয়। শুক্রবার সকালে তিনি যখন গোয়াল ঘর থেকে গরু বের করতে যান, তখনই গোয়াল ঘরের দেওয়ালটি হুড়মুড়িয়ে তাঁর উপর ভেঙে পড়ে। দেওয়ালে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের আত্মীয় ভদ্রলোচন মাহাতো বলেন, “আমার কাকা গরু বের করতে গিয়ে দেওয়াল চাপা পড়েছিলেন। আমরা কোনো রকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।” তিনি আরও বলেন, এই ঘটনায় তাদের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।

গত বছরের তুলনায় এই বছর পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ অনেক বেশি। এর ফলে মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনা প্রায়শই ঘটছে। এই ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।