সবখানে কাজ করবে না Annual FASTag Pass, জেনেনিন কোথায় ব্যবহার করা যাবে?

স্বাধীনতা দিবস থেকে শুরু হয়েছে নতুন একটি ব্যবস্থা, যার নাম ফার্স্ট্যাগ অ্যানুয়াল পাস (FASTag Annual Pass)। এই পাস ব্যবহার করে ব্যক্তিগত গাড়ির মালিকরা দেশের নির্দিষ্ট কিছু টোলপ্লাজ়ায় বিশেষ সুবিধা পাবেন। এই পাসের দাম ৩ হাজার টাকা, এবং এটি এক বছরের জন্য বৈধ। তবে এক বছরের মধ্যে যদি আপনি ২০০ বার টোল পার করে ফেলেন, তাহলে পাসের মেয়াদ শেষ হয়ে যাবে।
কোথায় ব্যবহার করা যাবে এই পাস?
এই বিশেষ পাসটি দেশের সমস্ত টোলপ্লাজ়ায় ব্যবহার করা যাবে না। এটি শুধুমাত্র সেইসব জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে কার্যকর হবে, যেগুলি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হাইওয়েজ় অথোরিটি অফ ইন্ডিয়া (NHAI) বা সড়ক ও হাইওয়ে পরিবহণ মন্ত্রকের দ্বারা পরিচালিত হয়। সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১ হাজার ১৫০টি টোলপ্লাজ়ায় এই পাসের সুবিধা পাওয়া যাবে।
কোথায় ব্যবহার করা যাবে না?
যে সমস্ত হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের অধীনে আছে, সেখানে এই পাস কাজ করবে না। যেমন, উত্তরপ্রদেশ সরকারের পরিচালনাধীন যমুনা এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে এবং আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ের মতো সড়কগুলোতে এই পাস ব্যবহার করা যাবে না। সেখানে নিয়মিত ফার্স্ট্যাগের মাধ্যমেই টোল দিতে হবে।
পশ্চিমবঙ্গে কোথায় ব্যবহার করা যাবে?
পশ্চিমবঙ্গে যেসব জাতীয় সড়ক রয়েছে এবং যেগুলির টোলপ্লাজ়া এনএইচএআই নিয়ন্ত্রণ করে, সেখানে এই পাস ব্যবহার করা যাবে। যেমন, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ডানকুনি টোলপ্লাজ়া এবং পালসিট টোলপ্লাজ়া-তে এই পাস কার্যকর হবে। এছাড়াও ডেবরা, গাজোল, রাঙালিবাজনা, রামপুরা-র মতো জাতীয় সড়কের টোলপ্লাজ়াগুলোতেও এই পাস ব্যবহার করা যাবে।
এই নতুন পাসটি নিয়মিত যাতায়াতকারী গাড়ির চালকদের জন্য খুবই সুবিধাজনক হতে পারে।