Starlink-র সঙ্গে হাত মেলাল আধারের সংস্থা UIDAI, জেনেনিন ইন্টারনেটে কী কী সুবিধা?

এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিঙ্ক ভারতে তাদের পরিষেবা চালু করতে চলেছে। সম্প্রতি ভারত সরকার স্টারলিঙ্ককে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি দিয়েছে। গ্রাহকদের দ্রুত এবং সুরক্ষিতভাবে যুক্ত করার জন্য স্টারলিঙ্ক এবার আধার অথেনটিকেশনের সাহায্য নেবে।
আধার দিয়ে গ্রাহক যাচাই
বুধবার একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) তাদের প্ল্যাটফর্মে স্টারলিঙ্ক স্যাটেলাইট কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেডকে যুক্ত করেছে। এর ফলে, স্টারলিঙ্ক গ্রাহকদের পরিচয় যাচাই করার জন্য আধার ই-অথেনটিকেশন ব্যবহার করতে পারবে। এতে গ্রাহকদের KYC (নো ইওর কাস্টমার) প্রক্রিয়া দ্রুত, নিরাপদ এবং কাগজবিহীন হয়ে যাবে। স্টারলিঙ্কের গ্রাহক যোগ করার প্রক্রিয়া আরও সহজ এবং সুরক্ষিত হবে।
নতুন পরিষেবা থেকে কী সুবিধা?
এই নতুন পরিষেবা চালু হলে অনেক বড় সুবিধা পাওয়া যাবে, বিশেষ করে এমন সব এলাকায় যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না।
- নেটওয়ার্ক ছাড়াই কল: স্টারলিঙ্কের স্যাটেলাইট পরিষেবা চালু হলে জরুরি পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ছাড়াও কল করা সম্ভব হবে।
- হাই স্পিড ইন্টারনেট: ব্যবহারকারীরা খুব দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
- খরচ: স্টারলিঙ্কের ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি মাসে প্রায় ৩,৩০০ টাকা খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্টারলিঙ্ক ভারতে পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও-র মতো বড় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। স্টারলিঙ্ককে সম্প্রতি IN-SPACE এবং DoT থেকে ৫ বছরের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। এই অনুমোদন পাওয়ার পর কোম্পানিটি এখন দেশে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা শুরু করতে পারবে।