নিজ বাসভবনেই মুখ্যমন্ত্রীর চুল টেনে কষিয়ে থাপ্পড়, হাসপাতালে ভর্তি রেখা গুপ্তা!

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ, বুধবার সকালে তাঁর বাসভবনে এক অপ্রত্যাশিত হামলার শিকার হয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সাপ্তাহিক জনশুনানি চলাকালীন এক যুবক জনসমক্ষে তাঁকে থাপ্পড় মারে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে এবং মুখ্যমন্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সিভিল লাইনসের সরকারি বাসভবনে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য সাপ্তাহিক জনশুনানির আয়োজন করেছিলেন। বিজেপির কয়েকজন নেতা জানিয়েছেন, প্রায় ৩০ বছর বয়সের এক যুবক জনতার মধ্য থেকে উঠে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলে এবং পরে তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে মানসিক ভারসাম্যহীন কিনা, অথবা এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, তা জানার চেষ্টা চলছে।

মুখ্যমন্ত্রীর উপর হামলার পর তার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার পরপরই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বিজেপি নেতা হরিশ খুরানা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে কিনা, তা তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানান, জনশুনানি চলাকালীন ওই যুবক মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে সজোরে চড় মারে।

দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা মনে করেন, বিরোধীরা মুখ্যমন্ত্রীর ভালো কাজ সহ্য করতে না পেরেই এই হামলা চালিয়েছে। কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেত্রী অতীশি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রে হিংস্রতার কোনো স্থান নেই। তিনি আশা প্রকাশ করেন, দিল্লি পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, ২৭ বছর পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরেছে এবং রেখা গুপ্তা সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অতীশি মার্লেনার পর দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী।