বিমানের ধাঁচে এবার রেলেও লাগেজ নিয়ে কড়াকড়ি, অতিরিক্ত মালপত্র নিলেই দিতে হবে জরিমানা

রেলযাত্রার ক্ষেত্রে এবার নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় রেল। বিমানের মতোই এবার থেকে অতিরিক্ত মালপত্র বহন করলে যাত্রীদের জরিমানা দিতে হবে। এই নতুন পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক রেলযাত্রা নিশ্চিত করা।

দ্য টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, অদূর ভবিষ্যতে দেশের বড় স্টেশনগুলিতে প্রবেশ করার সময় যাত্রীদের সঙ্গে থাকা মালপত্রের ওজন মাপা হবে। ট্রেনের শ্রেণি অনুযায়ী মালপত্র বহনের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। এসি ফার্স্ট ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৭০ কেজি, এসি টু টায়ারের যাত্রীরা ৫০ কেজি, এসি থ্রি টায়ারের ক্ষেত্রে ৪০ কেজি এবং স্লিপার ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত মালপত্র সঙ্গে নিতে পারবেন। যদি কোনো যাত্রী নির্ধারিত সীমার অতিরিক্ত মাল নেন, তবে তাকে জরিমানা দিতে হবে। এমনকি, ওজন সীমার মধ্যে থাকলেও যদি কোনো বড় মাপের জিনিস নিয়ে যাওয়া হয়, যা অন্য যাত্রীদের জন্য অসুবিধা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রেও জরিমানা দিতে হবে।

প্রয়াগরাজ ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ডিভিশনাল ম্যানেজার হিমাংশু শুক্লা জানিয়েছেন, এই নতুন নিয়ম প্রথমে প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, মির্জাপুর এবং আলিগড়ের মতো কিছু ব্যস্ত স্টেশনে কার্যকর করা হবে।

ভারতীয় রেল ‘অমৃত ভারত প্রকল্প’-এর অধীনে দেশের বিভিন্ন স্টেশনকে বিমানবন্দরের মতোই ঝকঝকে ও আধুনিক করে তুলছে। এর সঙ্গে মিল রেখে এই লাগেজ নীতিকে সেই আধুনিকীকরণেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। রেল কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপের ফলে সব যাত্রীর জন্য আরও উন্নত পরিষেবা ও আরামদায়ক পরিবেশ তৈরি হবে।