“পুরো নিয়োগ প্রক্রিয়াই ছিল দুর্নীতিগ্রস্ত”-২৬ হাজার চাকরি বাতিলের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং চাকরিহারাদের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। এর ফলে চাকরিহারাদের জন্য চাকরিতে ফিরে আসার পথ প্রায় বন্ধ হয়ে গেল।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই রায়ে নতুন করে শুনানির কোনো সুযোগ নেই। আদালত জানায়, গত ৩ এপ্রিল বিস্তারিত যুক্তি ও আলোচনার পরেই রায় দেওয়া হয়েছিল। তাই এই আবেদনের গ্রহণযোগ্যতা নেই। এই রায় একদিকে যেমন চাকরি হারানোদের জন্য বড় ধাক্কা, তেমনই রাজ্য সরকারের জন্যও এটি একটি বড় ধাক্কা।

গত ৩ এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত ২০১৬ সালের পুরো প্যানেলটি বাতিল করে দেয়। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দিয়েছিল। আদালত সেই সময় জানিয়েছিল, তথ্যের অভাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব হচ্ছে না, তাই পুরো প্যানেল বাতিল করা হয়েছে। এর পাশাপাশি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এসএসসি-কে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং অযোগ্যদের বেতনের টাকাও ফেরত দিতে হবে।

৩ এপ্রিলের রায়ের এক মাস পর, অর্থাৎ ৩ মে, পশ্চিমবঙ্গ সরকার এবং চাকরিহারাদের পক্ষ থেকে রিভিউ পিটিশন জমা দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশনগুলি খারিজ করে দিয়ে তাদের আগের রায়কেই বহাল রেখেছে। বিচারপতিরা আবারও বলেছেন যে, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি ছিল দুর্নীতিগ্রস্ত এবং তা বাতিল করাই ছিল সঠিক সিদ্ধান্ত।