মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা, ট্রাফিক পুলিশ অফিসারকে ১২০ মিটার টেনে নিয়ে গেল অটো

মহারাষ্ট্রের সাতারায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো স্থানীয় পথচারী ও সাধারণ মানুষ। ট্রাফিক আইন ভঙ্গ করে পালাতে গিয়ে এক অটোরিকশা চালক একজন মহিলা ট্রাফিক পুলিশ অফিসারকে প্রায় ১২০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এই ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা দেখে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ অফিসার ভাগ্যশ্রী যাদব একটি ব্যস্ত মোড়ে অটোরিকশাটিকে থামতে বলেছিলেন। কিন্তু অভিযুক্ত চালক দেবরাজ কালে তার কথা না শুনেই গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। এ অবস্থায় অফিসার যাদব তাকে আটকাতে গেলে চালকের সঙ্গে তার বচসা শুরু হয় এবং চলন্ত অবস্থায় তিনি অটোরিকশার সঙ্গে আটকে পড়েন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, জীবন বাঁচাতে অফিসার যাদব নিজেকে চালকের কবল থেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। ভাগ্যক্রমে, আশপাশে থাকা কিছু সাহসী পথচারী বিষয়টি লক্ষ্য করে দ্রুত এগিয়ে এসে অটোরিকশার পথ আটকে তাকে থামান। তাদের তৎপরতায় ওই মহিলা অফিসারকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তারা অভিযুক্ত চালককে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত অফিসার ভাগ্যশ্রী যাদবকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত দেবরাজ কালে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে।