বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নৃশংস হত্যাকাণ্ড, স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী-সহ ৩ জন গ্রেফতার

বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে আরও একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল বিহারে। মাধেপুরা জেলায় স্ত্রীকে খুনের অভিযোগে পুলিশ তার স্বামী, দেওর এবং জামাইকে গ্রেফতার করেছে। অভিযোগ, সম্পর্কের পথের কাঁটা হয়ে দাঁড়ানোয় স্বামীকে নির্মমভাবে খুন করেছে স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম যশবন্ত যাদব। তার স্ত্রী পুনীতা দেবী নিজের দেওর ও জামাইয়ের সঙ্গে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিষয়টি যশবন্ত জানতে পেরেছিলেন এবং এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো। এই অশান্তি থামাতে এবং যশবন্তকে পথের কাঁটা থেকে সরাতে পুনীতা তার দুই প্রেমিককে সঙ্গে নিয়ে খুনের পরিকল্পনা করে।
যশবন্তের মা উর্মিলা দেবী পুলিশকে জানান, জামাইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য পুনীতা তার নাবালিকা মেয়েকেও অমিত কুমার নামের ওই জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। এমনকি অমিতের নামে এক বিঘা জমি লিখে দেওয়ার জন্য পুনীতা তার ছেলেকে চাপ দিচ্ছিল, যা নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও বাড়ে।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ই আগস্ট রাতে পুনীতা, অমিত, রাজেশ এবং তাদের আরও কয়েকজন পরিচিত যুবক যশবন্তকে সার কিনে দেওয়ার টোপ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর একটি ফাঁকা জমিতে নিয়ে গিয়ে তারা যশবন্তের গলা কেটে খুন করে। পরের দিন সকালে স্থানীয়রা মাঠে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে। যশবন্তের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত পুনীতা, রাজেশ এবং আরও এক যুবককে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার মূল অভিযুক্ত অমিত কুমার এবং বাকিরা এখনও পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে এবং দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে।